তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা

তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা



গ্যাস-সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।



শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণা শেষে তাসনিম জারা বলেন, “ভিন্ন ধারার রাজনীতি করা যে সম্ভব, তা আমি প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি, নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না। লাখ লাখ পোস্টারে নিজের শহর নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না।”



তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটি আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতিতে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা অন্তত নিজেদের পাঁচজন প্রিয়জনের সঙ্গে কথা বলবেন। এলাকাবাসীকে বোঝাবেন যে, নতুনভাবে রাজনীতি করা সম্ভব। আমরা বিশ্বাস করি, অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও নির্বাচনে জিতে আসা সম্ভব; আর সেটা আমরা ঢাকা-৯ থেকেই প্রমাণ করব।”



এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।

তাসনিম জারার ৬ দফা ইশতেহারের মূল পয়েন্টসমূহ:
১. গ্যাস-সংকট: গ্যাস না থাকলে বিল দিতে হবে না—এমন ‘নো সার্ভিস, নো বিল’ নীতি চালু। ২. শিক্ষা: স্কুল-কলেজে ভর্তিতে এমপির কোটা বা বিশেষ সুপারিশ প্রথা বাতিল। ৩. নিরাপত্তা: এলাকাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত করা। ৪. পরিবেশ: পোস্টার ও মাইকিং মুক্ত পরিচ্ছন্ন নির্বাচনী প্রচারণা। ৫. স্বাস্থ্য: এলাকায় মানসম্মত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। ৬. স্বচ্ছতা: জনকল্যাণমূলক কাজে অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করা।


Comments